14/11/2026
বই: আত্মজীবনী : আবদুস সালাম চাটগামি রহ.
শ্রুতিলিখন/ অনুলিখন : যুবাঈর আহমাদ (ছদ্মনাম)
প্রকাশনা: Ettihad Publication
মুদ্রিত মূল্য: ৫০০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ২৮৬
Reviewer : Rashed Musulli
দুজন ব্যক্তির আত্মজীবনী নিয়মিত মুতলাআয় রাখা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। একটি হলো শায়েখ যাকারিয়া রহ. এর আপবিতি। অপরটি হলো আবদুস সালাম চাটগামি রহ. এর আত্মজীবনী।
প্রথমটা মুরুব্বিদের পরামর্শে। দ্বিতীয়টা স্বপ্ন পুরুষের প্রতি ভালোবাসা থেকে।
মূলত বানূরী টাউনের আলেমদের চিন্তাধারা এবং দারুলউলুম করাচির সাথে তাদের বুদ্ধিবৃত্তিক মতপার্থক্য। রাজনীতি ও অর্থনৈতিক বিষয়ে দুই প্রতিষ্ঠান ও দুই ভিন্ন ঘরানার আলেমদের অবস্থান এবং তৎকালীন সময়ে চাটগামি রহ. ও তকী উসমানী হা.ফি. এর ইলমি আলোচনাগুলো দেখার জন্য বইটি পড়া শুরু করি। এমনিতেই আমার নিজের ভাস্যমতেই এটি একটি গুরুত্বপূর্ণ বই। কিন্তু পাঠ শুরু করার উপলক্ষ বলতে গেলে এমনই।
সেই সঙ্গে মুফতি শফি ও তার বড় ছেলে রফি উসমানী রহ. সম্পর্কে কতটুকু কী বলা হয়েছে তা জানার জন্যও বইটা না শুরু করে পারছিলাম না। কারণ, উপমহাদেশে ইসলামি আইন ও গবেষণার ক্ষেত্রে ওনাদের লেখনিগুলোই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। বলা চলে,আধুনিক যেকোনো বিষয়ে ওনাদের ইলমি খেদমতকেই এখানকার ফিকহে হানাফির মুখপাত্র হিসেবে তুলনা করা হয়।
যাইহোক, সেই তাড়না থেকে বইটি পড়া শুরু করলেও ক্রমান্বয়ে বিভিন্ন মনিষীর জীবনের সাথে পরিচিত হতে থাকি। কারণ, আত্মজীবনীতে উদ্ধৃত ও আলোচিত উল্লেখযোগ্য অন্য সব আলেমের সংক্ষিপ্ত জীবনে টিকা টিপ্পনী আকারে যোগ করা হয়েছে। এমনকি বিভিন্ন মাদরাসা আর স্থানীয় ইতিহাস সম্পর্কেও টুকিটাকি আলোচনা করা হয়েছে।
বইটিতে ব্যবহৃত মাদরাসার একাডেমিক যতগুলো শব্দ ব্যবহৃত হয়েছে তার প্রতিটির প্রচলিত অর্থ কিংবা জেনারেল পরিভাষা টিকার মধ্যে উল্লেখ করায় এটি জেনারেল ঘরানার পাঠকদের জন্যও কিছুটা সুখপাঠ্য হবে বলে মন করি। শুধু তাইই নয়, নতুন বিভিন্ন শব্দ তত্ত্বের সাথে পাঠক পরিচিতও হবেন।
বইটির ভাষা ও উপস্থাপন শৈলী একেবারে সহজবোধ্য হওয়ায় যে কেউ বইটিতে মনযোগ ধরে রাখতে পারবেন। শুধু তাই নয়, কোনো কোনো জায়গায় পড়তে গিয়ে মনে হয়েছে যেন রোমাঞ্চকর কোনো থ্রিলার পড়ছি। আসলে বড়দের জীবনের চ্যালেঞ্জিং পার্টিগুলো থ্রিলার থেকে কোনো অংশে কম না।
বইটি পড়ার আগে মুহতারাম মুহিব্বুল্লাহ বাবুনগরীর প্রতি আমার মনে তেমন কোনো অনুভূতি ছিলো না। বইটা পড়ার পর ওনার প্রতি ভক্তি আর শ্রদ্ধার ভিন্ন এক মাত্রা যোগ হলো যেন।
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হা.ফি. ছিলেন ৬০ এর দশকে বাবুনগর মাদরাসার নবিন শিক্ষক। একই বছরে আবদুস সালাম চাটগামি রহ. ছিলেন সেখানকার নবিন ছাত্র।
তৎকালীন সময়ে বাবুনগর মাদরাসার মুহতামিম ছিলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা শাহ্ হারূন বাবুনগরী রহ.। তিনি হাটহাজারী মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা সুফি আজিজুল হক রহ. এর পুত্র। উনিশ শতকে ফটিকছড়ি, বাবুনগর এলাকায় "বড়পীর-বাগ্মী বক্তা" হিসেবে প্রসিদ্ধ ছিলেন। ওনার ছেলে, জামাতাগণ, ভাতিজা, নাতি-নাতনি সকলেই যুগশ্রেষ্ঠ আলেম।
তিনি প্রায়ই চাটগামি রহ. এর এলাকায় বয়ান করতে আসতেন। হযরতের বাবার সাথে ওনার ভালো সম্পর্ক। চাটগামি রহ. এর বাড়ি মূলত চট্টগ্রামের আনওয়ারা উপজেলার বুরুমছড়া ইউনিয়নে। সেটিই ছিলো থানার সবচেয়ে বড় ইউনিয়ন। যার আয়তন প্রায় ৫,৯২৭ একর (২৩.৯৯ বর্গকিলোমিটার)।
হারূন বাবুনগরীই আবদুস সালাম চাটগামি রহ. কে বাবুনগরে নিয়ে আসেন। সেবছর হিদায়াতুন্নাহু তে ভর্তি করানো হয়। পড়ানোর দায়িত্ব দেন পুত্র মুহিব্বুল্লাহ বাবুনগরী হা.ফি. কে। সে বছর বার্ষিক পরীক্ষায় পুরো মাদরাসায় ফার্স্ট হওয়ার অপরাধে ফকিরহাট বাজারে গিয়ে সাথীদের ট্রিট দিতে হয়েছিল ওনাকে। অবশ্য সেই ট্রিটের বিল আল্লামা নূরুল ইসলাম জাদীদ রহ. পরিশোধ করেছিলেন।
তালিবুল ইলমদের গ্রুপ পার্টির কারণ জানতে পেরে বলেছিলেন বিল আমি দিয়ে দিব। তোমরা যা খুশি খাও! এই ট্রিটের ঝামেলা থেকে নিস্তার পেতে তিনি বাবুনগর মাদরাসা থেকে পটিয়া উপজেলার জিরি মাদরাসায় হিজরত করেন। জিরি মাদরাসা ছিল দেশের তৃতীয় বৃহত্তম মাদরাসা।
ওনার যাওয়ার কথা শুনে হারূন সাহেব হুজুর বলেছিলেন, "দেখো! যেতে চাইলে যাও! মাদরাসাগুলো তো কবুতরের বাসার মতো৷ কবুতর আসবে যাবে তাতে কোনো সমস্যা নেই। পড়াশোনা ঠিকমতো করবে।"
আর মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছিলেন, "কেন যাবে তুমি? কী সমস্যা? গেলে যাও তবে আমার অনুমতি নেই!" এখনো অনেক হুজুর এভাবে বলেন অবশ্য।
হুজুরের অসুস্থতার সময়ে বরুমছড়ার মাদরাসায় তিনি মাঝে মধ্যে আসতেন। তখন হুজুরের সাথে মশকরা কর বলতেন, "দেখো কান্ড! ছেলে আমার বুড়ো হয়ে গেছে। অথচ বাপ হয়ে আমি এখনো যোয়ান!"
এই বইটি তে অন্য মনীষীদের সংক্ষিপ্ত জীবনীগুলো আনার একটা প্যাটার্ণ হলো, পটিয়ার জিরি মাদরাসার প্রাণ ছিলেন আব্দুল ওয়াদুদ সন্দীপী। যিনি ছিলেন শায়খুল হিন্দ আর শাহ সাহেবের শাগরেদ। এখন টিকার মধ্যে এই দুইজনের জীবনী এনে তৎকালীন বিশ্বপরিস্থিতি ও ইতিহাসের কয়েকটা বাক টেনে আনা হয়েছে। যেমন: দিল্লি তে জেনারেল শিক্ষিত যুবকদের জন্য কুরআনের বুদ্ধিবৃত্তিক দরস প্রদানের জন্য ১৯১৩ সালে নাযযারাতুল মাআ'রিফ, শাগরেদ ওবায়দুল্লাহ সিন্ধী কে যুবসমাজের সাথে পরিচয় করানো। কাবুলে পাঠানো। শায়খের "আজাদ হিন্দ মিশন", হিজাজে গালিব পাশার সাথে চুক্তি, অতঃপর রেশমি রুমাল আন্দোলন বাঞ্চাল হওয়াতে মাল্টায় নির্বাসন!।
একইভাবে আনোয়ার শাহ কাশ্মীরী, আল্লমা ইউসুফ বানূরী, আশরাফ আলী থানভী রহ., নিউটাউন থেকে বানূরী টাউনের ইতিহাস, আবু ইবরাহীম খলীল আহমেদ, জাকারিয়া কান্ধলভী রহ. সহো হযরতে সমসাময়িক ও পূর্ববর্তী গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন আলেমের জীবনী ও ইতিহাস সন্নিবেশিত করা হয়েছে।
এই বইটি কেবল একজন মানুষের জীবনী না,বরং ইতিহাসের একটি ক্ষুদ্র তবে সমৃদ্ধ সংস্করণ। যা হাজারো ব্যক্তির অবদান ও কীর্তি কে একত্রিত করেছে।
বইটি পরে পাঠক মনীষীদের একাগ্রতা ও আমলি জিন্দেগীর অদ্ভুত এক চিত্রের সাথে পরিচিত হবেন, যা ভাষায় ব্যক্ত করা যায়না। পড়ে উপলব্ধি করতে হয়। সরাসরি পরিবর্তনের ধাক্কা হয়তো আসেনা কিন্তু ভেতরে নিজেকে শোধরাবার তাগাদা অনুভূত হয়।
বইটি এক কথায় অনন্য অনবদ্য। আমাদের সবার একবার হলেও বইটি পড়া উচিৎ। আমাদের একজন চাটগামি রহ. ছিলেন সেটা বুঝতে হলেও অন্তত পড়া উচিৎ! কেন পড়া উচিৎ সেটা জানতে হলেও পড়ার বিকল্প নেই। চিন্তার পরিবর্তন হোক কিংবা পরিশুদ্ধি, দুটোর জন্যই বইটি পড়া উচিৎ!