04/13/2018
আরবি চন্দ্র মাসের রজব মাস অতিবাহিত হচ্ছে। যখন রজব মাসের আগমন ঘটত নবী সা: আল্লাহর নিকট দোয়া করতেন- ‘হে আল্লাহ তুমি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় কর এবং আমাদের হায়াত রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও’ (তাবরানি)। নবী সা: আরো বলেছেন- ‘রজব হলো বীজ বোনার মাস, শাবান হলো ফসল ঘরে তোলার মাস।’ অর্থাৎ রমজানে আমলের সাওয়াব অনেক গুণ বৃদ্ধি করে দেয়া হয়, আর এ বর্ধিত সাওয়াব পাওয়ার জন্য রজব ও শাবান এ দু’টি মাস বেশি বেশি আমল করে আমলে অভ্যস্ত হয়ে রমজানে বেশি আমল করার জন্য তৈরি হওয়ার মাস। তাই নেক আমলের মুজাহাদা করা প্রত্যেক মোমিনের উচিত। অন্যান্য মাসে ও নবী সা: ও সাহাবায়ে কেরামের আমলের মুজাহাদা আমাদের জন্য দৃষ্টান্ত। বর্ণিত আছে- ‘নবী সা: রাতে এত দীর্ঘ নামাজে দাঁড়াতেন যে, বেশিক্ষণ দাঁড়ানোর ফলে নবী সা: এর পা মোবারক ফুলে যেত। নবী সা:-কে বলা হলো হে আল্লাহর রাসূল আপনার তো কোনো পাপ নেই। আপনাকে পূর্বাপর সব পাপ থেকে নিষ্পাপ করা হয়েছে। নবী সা: জবাবে বললেন- আমি কি এটা পছন্দ করব না যে, আমি কৃতজ্ঞ বান্দা হবো (বুখারি- মুসলিম)।