08/16/2026
বাংলাদেশ ক্রিকেটের ডাগআউটে এখন বসে আছেন এমন একজন মাস্টারমাইন্ড, যিনি দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান—মোহাম্মদ আশরাফুল। যাকে বলা হয় বাংলাদেশের ‘ধ্রুবতারা’। নিজের দিনে যিনি ছিলেন প্রতিপক্ষের জন্য এক গোলকধাঁধা, যার ব্যাটিংয়ে ছিল শৈল্পিক ছোঁয়া, আর যার ব্যাটে চড়েই বাংলাদেশ একসময় জায়ান্ট দলগুলোকে হারাতে শিখেছিল।
ব্যাট হাতে যে অপূর্ণ কাজগুলো রয়ে গেছে, এখন সেগুলোই যেন মস্তিষ্ক আর অভিজ্ঞতা দিয়ে পূরণ করছেন আশরাফুল।
তার আগমনের পর শুধু বাংলাদেশের ব্যাটিংয়েই পরিবর্তন দেখা যাচ্ছে না, পুরো দলটাকেই যেন বদলে যাওয়া মনে হচ্ছে। খেলোয়াড়দের মাঝে তৈরি হয়েছে এক ধরনের ‘চ্যাম্পিয়নস ভাইব’। লড়াই করার মানসিকতা বেড়েছে, ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও এসেছে আলাদা আত্মবিশ্বাস।
আমার ব্যক্তিগতভাবে মনে হয়, মোহাম্মদ আশরাফুলের দীর্ঘদিনের ক্রিকেট অভিজ্ঞতা বাংলাদেশ দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে। সবচেয়ে বড় বিষয়, আমাদের খেলোয়াড়রাও তার অভিজ্ঞতাকে খুব ভালোভাবে গ্রহণ করতে পেরেছে।
হয়তো বাংলাদেশি বলেই তাকে নিয়ে তেমন আলোচনা নেই। কিন্তু একদিন না একদিন তার এই অবদানের কৃতিত্ব দিতেই হবে।
আশরাফুল আসার পর বাংলাদেশের ফলাফল:
🔹 টেস্ট: ৫ ম্যাচে ৪ জয়
🔹 ওয়ানডে: ১২ ম্যাচে ৭ জয়
🔹 টি-টোয়েন্টি: ৯ ম্যাচে ৫ জয়
আশরাফুলকে কোচ হিসেবে পাওয়ার পর বাংলাদেশের ব্যাটসম্যানদের যেন অন্যরকম আত্মবিশ্বাস দেখা যাচ্ছে। কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছে লম্বা ইনিংস খেলার জন্য। কেউ বিপর্যয় সামলাচ্ছে, কেউ কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য বুক চিতিয়ে লড়ছে। সবচেয়ে বড় উন্নতিটা চোখে পড়ছে টেলএন্ডারদের পারফরম্যান্সে। দলের প্রয়োজনে তারাও এখন গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আশরাফুল আসার পর বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স:
🔹 টেস্ট: ১০ ইনিংসে ৯ সেঞ্চুরি ও ১৬ হাফ সেঞ্চুরি
🔹 ওয়ানডে: ১২ ইনিংসে ২ সেঞ্চুরি ও ১৬ হাফ সেঞ্চুরি
🔹 টি-টোয়েন্টি: ৯ ইনিংসে ৯টি হাফ সেঞ্চুরি
মোহাম্মদ আশরাফুল যদি কোনো বিদেশি কোচ হতেন, তাহলে হয়তো এতদিনে নিউজফিড তার প্রশংসায় ভরে যেত। একের পর এক গরম গরম ভিডিও, রিলস আর বিশ্লেষণ তৈরি হতো। বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের অনেকেই তাকে নিয়ে গলাবাজি করতেন, আর সেই সুরে হয়তো আমরাও তাল মেলাতাম।
আমরা অনেক সময় নিজেদের মানুষদের মূল্যায়ন করতে কৃপণতা করি, অথচ দূরের মানুষদের প্রতি অকারণে বেশি মুগ্ধ হই।
বাংলাদেশ যখন ব্যর্থ হয়, কোনো ম্যাচ বা সিরিজ খারাপ যায়—তখন আশরাফুলের দায় থাকলে আমরা খুব সহজেই সেই দায় তার কাঁধে তুলে দিতে প্রস্তুত থাকি। কিন্তু দল ভালো করলে, সাফল্য এলে তার কৃতিত্ব দিতে আমরা অনেকটাই নীরব।
সময় এসেছে এই মানসিকতা বদলানোর।
মোহাম্মদ আশরাফুল শুধু বাংলাদেশের সাবেক তারকা ব্যাটসম্যান নন; তিনি এখন নিজের অভিজ্ঞতা দিয়ে নতুন প্রজন্মের ক্রিকেটারদের পথ দেখাচ্ছেন। তার অবদান হয়তো আজ খুব বেশি আলোচনায় নেই, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের এই পরিবর্তনের গল্প লেখা হলে সেখানে আশরাফুলের নামটা থাকতেই হবে।
কারণ, কিংবদন্তিরা শুধু ব্যাট হাতে ইতিহাস তৈরি করেন না—একসময় তারা নিজেদের অভিজ্ঞতা দিয়েও ইতিহাস গড়েন।