07/08/2026
নিখোঁজের ৫ দিন পর তাড়াশে খালের কচুরিপানার নিচে বস্তাবন্দী সিএনজিচালকের মরদেহ উদ্ধার 😭
✍️বগুড়া থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি খালের কচুরিপানার নিচ থেকে মো. মিলন (৩০) নামে এক সিএনজিচালকের বস্তাবন্দী ও গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, তাঁকে ঘাড় ভেঙে হত্যা করার পর মরদেহ গুমের উদ্দেশ্যে খালের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।
শুক্রবার (৭ আগস্ট) সকালে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. মিলন গাইবান্ধার সাঘাটা উপজেলার রাঙ্গালিয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগুড়ায় বসবাস করে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্থানীয়রা বেড়খালি এলাকার খালের কচুরিপানার নিচে একটি মরদেহ আটকে থাকতে দেখে তাড়াশ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তাড়াশ থানার ওসি (তদন্ত) শাহ আলম মোল্লা জানান, মরদেহ উদ্ধারের সময় সেটি ফুলে গিয়েছিল এবং তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে ঘাড় ভেঙে হত্যা করে বস্তাবন্দী অবস্থায় খালের কচুরিপানার নিচে ফেলে রাখা হয়।
পুলিশ জানায়, গত ২ আগস্ট বগুড়া থেকে নিখোঁজ হন সিএনজিচালক মিলন। এর তিন দিন পর, ৫ আগস্ট, বগুড়া জেলা পুলিশ তার ব্যবহৃত সিএনজিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
এদিকে স্বামীর নিখোঁজ ও মৃত্যুর খবর পেয়ে নিহতের স্ত্রী ও শ্যালক তাড়াশ থানায় এসে পৌঁছেছেন।
পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
সঠিক তদন্ত করে ঘটনায় জড়িতদের আটক করা হোক।
আর কত মায়ের বুক এভাবে খালি হবে? ✍️