13/05/2026
কোনটি উত্তম, নফল তওয়াফ,
নাকি বারবার উমরাহ?
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, 'মক্কায় অবস্থানকারীর জন্য মক্কী উমরাহ করার চাইতে বেশী বেশী তওয়াফ করা উত্তম। যেমন সাহাবাগণ মক্কায় অবস্থান করলে তা করতেন। তাঁরা বেশী বেশী তওয়াফ করতেন এবং মক্কী উমরাহ করতেন না।��������
মক্কায় অবস্থানকারীর জন্য উমরাহ অপেক্ষা তওয়াফ উত্তম হওয়ার ব্যাপারে সেই ব্যক্তির কোন সন্দেহ থাকতে পারে না, যিনি নবী ﷺ ও খুলাফায়ে রাশেদীনের সুন্নত, সাহাবাগণের আসার এবং উম্মতের সলফ ও ইমামগণের আমল সম্বন্ধে জ্ঞান রাখেন। যেহেতু কা'বাগৃহের তওয়াফ সেই সকল নৈকট্যদানকারী শ্রেষ্ঠ ইবাদতসমূহের অন্যতম, যা আল্লাহর নিজ কিতাবে এবং তাঁর নবী ﷺ-এর মুখে বিধিবদ্ধ করেছেন। আর তা হল মক্কাবাসী -- অর্থাৎ, স্থায়ী-অস্থায়ী সকল বসবাসকারীর একটি শ্রেষ্ঠ ইবাদত। এটি হল তাঁদের একটি সার্বক্ষণিক নিয়মিত ইবাদত, যার দ্বারা তাঁরা সকল দেশের মানুষ হতে পৃথক বৈশিষ্ট্যের অধিকারী।' (মাজমূউ ফাতাওয়া ২৬/৫৪)
শায়খ ইবনে উসাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, “ইবাদতে মৌলিক দু'টি শর্ত পূরণ হওয়া জরুরী; ইখলাস ও মুহাম্মাদী তরীকা। (যারা এক সফরে বারবার উমরাহ করে) তারা কি সাহাবা থেকেও ভাল কাজে বেশী আগ্রহী? আল্লাহর কসম! না। তারা তাঁদের থেকে বেশী আগ্রহী নয়। আল্লাহর শরীয়তের ব্যাপারে সাহাবা থেকে বেশী জ্ঞানী নয়। তারা একটি হাদীস পেশ ক'রে প্রমাণ করুক যে, সাহাবাগণ রমযান অথবা অরমযানে বারবার উমরাহ করতেন। জেনে রাখুন, এ ব্যাপারে কোন সহীহ অথবা যয়ীফ একটি হরফও নেই, যাতে প্রমাণ হয় যে, সাহাবাগণ রমযান বা অন্য মাসে বারবার উমরাহ করেছেন। অথবা কেউ উমরাহ থেকে হালাল হলে আবার তানঈম (আয়েশা-মসজিদ) গিয়ে আর একটি উমরাহ করবে। এমনকি মক্কাবাসীদের ফক্বীহ ইমাম আত্বা (রাহিমাহুল্লাহ) বলেছেন, 'জানি না যে, যারা তানঈম গিয়ে উমরাহ করছে, তারা গোনাহগার হবে, নাকি সওয়াব পাবে!' অর্থাৎ, তাদের এ কাজে কষ্ট আছে, কোন সওয়াব নেই; আল্লাহর পানাহ। যেহেতু তারা শরীয়তের বহির্ভূত কাজ করে।” (আল-লিক্বাউশ শাহরী ৪১/১)
আর বিদিত যে, সে যুগে সফর অতিশয় কষ্ট হওয়া সত্ত্বেও মহানবী ﷺ তথা সাহাবা (রায্বিয়াল্লাহু আনহা)গণ এক সফরে একাধিক উমরার সুযোগ গ্রহণ করেননি। তাহলে এ যুগে সফর সহজ হওয়া সত্ত্বেও সে সুযোগ গ্রহণ করার কি যুক্তি থাকতে পারে?
(বইঃ উমরাহ নির্দেশিকা, দাওয়াত অফিস, আল-মাজমাআহ, সঊদী আরব)
Abdul Hamid Al-Faizi Al-Madani