19/04/2026
আচ্ছা, আপনি কি জানেন আল্লাহর রহমতের প্রশস্ততা কতটুকু? শুনুন...
আনাস ইবনু মালিক (রাযিঃ) বলেন, রাসূল (স.)-কে আমি বলতে শুনেছিঃ বারাকাতময় আল্লাহ তা’আলা বলেনঃ হে আদম সন্তান! যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার হতে (ক্ষমা পাওয়ার) আশায় থাকবে, তোমার গুনাহ যত অধিক হোক, তোমাকে আমি ক্ষমা করব, এতে কোন পরওয়া করব না।
হে আদম সন্তান! তোমার গুনাহর পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্তও পৌছে যায়, তারপর তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা কর, আমি তোমাকে ক্ষমা করে দেব, এতে আমি পরওয়া করব না।
হে আদম সন্তান! তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার নিকট আস এবং আমার সঙ্গে কাউকে অংশীদার না করে থাক, তাহলে তোমার কাছে আমিও পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাযির হব। (তিরমিজি ৩৫৪০)
অন্য হাদিসে আনাস (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রতিপালক থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমার বান্দা যখন আমার দিকে এক বিঘত নিকটবর্তী হয়, আমি তখন তার দিকে এক হাত নিকটবর্তী হই।
আর সে যখন আমার দিকে এক হাত নিকটবর্তী হয়, আমি তখন তার দিকে দু’হাত নিকটবর্তী হই। সে যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই।(সহিহ বুখারি: ৭৫৩৬)
পৃথিবীতে এর চেয়ে বেশি দরদি আর কে আছে বলুন? অথচ দিন-রাত আমরা তাঁর অবাধ্য হই। কোনো কথাই শুনি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন—আমিন!