05/12/2024
আসরার মাসুদ আমার কেউ না। আসরার মাসুদ আমার দাদার নাম। আসরার মাসুদ আমার আত্মীয় নন। আসরার মাসুদ আমার বন্ধু হন। আসরার মাসুদ আশ্চর্য্য সব পপ আপ বই বানান। আসরার মাসুদ বোমা বানানোর ফর্মুলা জানেন না। আসরার মাসুদ আমার দেশের পতাকা মাড়াননি। আসরার মাসুদ ইউনুসকে নোবেল দেননি। আসরার মাসুদ ভালো হাঁটতে পারেন না। আসরার মাসুদ ঢাকায় থাকেন। আসরার মাসুদ পার্কিনসনের চিকিৎসা করাতে বিগত অনেক বছর ধরে কলকাতা আসেন। আসরার মাসুদের দাদা কোভিডের সময় চিকিৎসা না পেয়ে মরে গেছেন। আসরার মাসুদ গরম মৌলবাদী বক্তা নন, আসরার মাসুদ, 'ভালো থাকবেন দাদা’ বলতে গেলেও জিভ জড়ায়। আসরার মাসুদ তাঁর দেশ স্বাধীন করেননি। আসরার মাসুদ মেধাবী, কিন্তু সমন্বয়ক বা উপদেষ্টা নন। আসরার মাসুদ জামায়েত, আওয়ামী, বিএনপি, কারও হেফাজতে নেই। আসরার মাসুদ আরও কিছু বছর বাঁচতে চান খালি। আসরার মাসুদ ছোটদের জন্যে বই ছাপতে চান কেবল। আসরার মাসুদ খুব অসুস্থ। আসরার মাসুদ অনেক কষ্টে ভিসা পেয়েছেন। আসরার মাসুদ গত পাঁচ বছর একই হোটেলের একই ঘরে ওঠেন। আসরার মাসুদ এর হোটেল বুকিং ক্যান্সেল হয়েছে। আসরার মাসুদকে তারা জানিয়েছে এদেশে আসবার দরকার নেই। আসরার মাসুদ চিকিৎসা না পেলে বাংলা শিশু সাহিত্য আরও অসুস্থ হয়ে পড়বে। আসরার মাসুদ ঘৃণা নয়, বাংলা বই ছড়ান। আসরার মাসুদের চিকিৎসা করুন ডাক্তারবাবু। আসরার মাসুদকে হোটেলে একটা ঘর দিন হোটেল মালিক বাবু। আসরার মাসুদকে বাঁচাও কলকাতা। আসরার মাসুদ ঘৃণা ছড়ান না। আসরার মাসুদ আমার কেউ না। আসরার মাসুদ আমার অনেক কিছু। আসরার মাসুদ কোনও দেশের পতাকা মাড়াননি। আসরার মাসুদকে আমরা মেরে ফেলতে পারি না।