23/02/2023
Book Review- 23
বইঃ ❝বরফ গলা নদী❞
লেখকঃ জহির রায়হান
রেফারেন্সঃ তাওহীদুজ্জামান বুরুজ।
রিভিউঃ ‘বরফ গলা নদী’ উপন্যাসের কাহিনী বোধকরি অধিকাংশেরই জানা! এককথায় এটি একটি ক্ষয়িষ্ণু নিম্নবিত্ত পরিবারের বিপর্যয়ের কথাচিত্র। দরিদ্র কেরানী হাসমত আলী ও সালেহা বিবির পাঁচ সন্তান, মাহমুদ, মরিয়ম, হাসিনা, খোকন ও দুলু এই উপন্যাসের মুখ্য চরিত্রেরা। বছর তিরিশের মাহমুদ একটি সংবাদপত্রের অফিসে সাংবাদিকের কাজ করে, উনিশ-কুড়ির মরিয়ম কলেজে পড়তে পড়তে টিউশন করছে। হাসিনা স্কুলে পড়ে ও খোকন, দুলু নিতান্তই ছোটো। উপন্যাসে মুল চরিত্রের ভার প্রথমে মরিয়ম থেকে পরে মাহমুদের উপর ন্যস্ত হয়েছে। এছাড়াও অন্যদের মধ্যে মনসুর ও লিলি নিশ্চিতভাবে উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ন চরিত্রেরা। মরিয়মের সাথে মনসুরের প্রেমের বিয়ে ও পরে ঝগড়া, শেষে দুর্ঘটনায় পরিবারের সকলকে হারিয়ে মাহমুদের লিলির কাছে আসার মধ্যে দিয়ে এক নদী জল বয়ে গিয়েছে। তবে সেসব কথায় আসব ধীরে ধীরে।
এই উপন্যাসের সবচেয়ে বড় ভরসার জায়গা যেটা, সেটাই এর দুর্বলতা হয়ে দাড়িয়েছে। হ্যাঁ, সেটা হল লিলির চরিত্র। লিলি সবার ভরসা, সব সমস্যায় মসীহা হয়ে উদয় হয়েছে, কিন্তু তার সম্মন্ধে সবচেয়ে কম বিবরন দিয়েছেন লেখক। এমনকি, লিলির চেয়ে রফিক আর শাহাদাত-আমেনার বিবরনও এখানে অনেক বেশী। লিলি মরিয়ম এর দু:খের সাথী, হাসিনার ছবি তোলার সাধ পুরনের উপায়, স্বজন হারানো-বিপর্যস্ত মাহমুদের সান্ত্বনা ও সহায় কিন্তু লিলির জীবন, পরিবার, ভাবনা-চিন্তা সম্মন্ধে কিছুই জানা যায় না। উল্টে বরং লিলির ভাবনার অভাবটাই যেন প্রকট হয় যখন দেখি, মনসুর-সেলিনা কে নিমন্তন্ন করা হয়েছে মিতার জন্মদিনে! লিলিই তো সব জানত, মরিয়মের প্রতি মনসুরের দুর্ব্যাবহারের কথা, বকলমে মরিয়ম ও তার পরিবারের সবার মৃত্যুর কারন হওয়ার কথা! তবু কেন লিলি সে কথা জানাল না মাহমুদকে? এটা লিলির দোষ না লেখকের দোষ? লেখক লিলি কে যেন কেবলই ভরসার দেবীসুলভ নিষ্কলুষ রূপে উপস্থাপন করতে চেয়েছেন, তার মধ্যে তাই অসূয়া, রাগ, ঘৃণা ইত্যাদি মানবিক দোষ কিছুই দেননি! আর তাই বোধহয় তার সম্মন্ধে সবচেয়ে কম কথাও বলেছেন। আমার মতে, এটি অবশ্যই এই উপন্যাসের দুর্বলতা।