14/12/2023
১৬-ই ডিসেম্বর বাঙ্গালী জাতি ও জাতীয়তার বিজয়,
যুগ যুগান্তরের হারানো স্বাধীনতার লাল সূর্যোদয়।
বিজয় মানে উপনিবেশিক শাসন ও শোষণের অবসান,
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, রাষ্ট্রনীতি ও আইনের সুশাসন।
সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক,অর্থনৈতিক মুক্তি,
নাগরিক অধিকার,ভোটাধিকার,যা গণতান্ত্রিক শক্তি।
বিজয়ের লাল সূর্য অস্তমিত হয়েছিল পলাশীর প্রান্তরে,
ব্রিটিশ দূ:শাসন এসেছিল পাকভারতের শাসনতন্ত্রে।
ব্রিটিশ বেনিয়ার প্রস্থান, জন্ম নিল ভারত ও পাকিস্তান,
শাসনতন্ত্রের রদবদলে বাংলায় এলো হায়নার দু:শাসন।
হায়না ঘোষনা দিল উর্দুই হবে পাকবাংলার রাষ্ট্র ভাষা,
তাজা প্রাণের আত্মত্যাগে বাংলাও হলো রাষ্ট্র ভাষা।
ভেস্তে দিল যুক্তফ্রন্ট নির্বাচনে সরকার গঠণের বাসনা,
হুকুমের গোলাম বানাতে দিল মার্শাল ল' এর ঘোষণা।
শুরু হলো বাংলার ছয় দফা কর্মসূচি ও গণঅভ্যুত্থান,
ভুট্টু-র দু:শাসন পতনে ক্ষমতাসীন হলো আইয়ুব খান।
হলো সাধারণ নির্বাচন,শাসনভার হস্তান্তরে কালক্ষেপণ,
হলো না শাসনভার গ্রহণ, চলল পাক হায়নার নির্যাতন।
আসবে মহাকাল,মহা পতঙ্গ,ঘটবে অপশক্তির পতন,
শক্তি দিবে, সাহস জোগাবে, উড়বে বিজয় কেতন।
মহাকবি ঘোষনা দিল 'এবারের সংগ্রাম,মুক্তির সংগ্রাম',
শুরু হল রক্তাত্ব লড়াই, মুক্তি যুদ্ধ নাহি শহর নাহি গ্রাম।
যোগ দিল ছাত্র-শিক্ষক,কৃষক-জনতা,কুলি-মজুর সবি,
মুক্তিসেনা,মৈত্রী শক্তি,শিল্পী,সাহিত্যিক,বুদ্ধিজীবি,কবি।
নাহি অস্ত্র,যুদ্ধের বস্ত্র, নাহি প্রশিক্ষণ,শুধু ছিল মনে বল,
সম্মুখ যুদ্ধ,গেরিলা যুদ্ধ করল মুক্তিপাগল যোদ্ধার দল।
কবি লিখল কবিতা,শিল্পী গাইল উৎসাহ-প্রেরনার গান,
সকল কণ্ঠে বাজল 'জয় বাংলা,বাংলার জয়'স্লোগান।
যোদ্ধার আশ্রয় দিল গৃহ পিতা, মাতা দিল খাবার-পানি,
মুছে যাক বাংলা মায়ের দীর্ঘকালের পরাধীনতার গ্লানি।
মা হারাল সন্তান,বধূ হারাল স্বামী, নারী সম্ভ্রম ও সম্মান,
লক্ষ লক্ষ বীর, যোদ্ধা দিল তাজা রক্ত ও তাজা প্রাণ।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পরাজিত পাক-হানাদার, উত্তোলন হলো স্বাধীন বাংলার লাল-সবুজ পতাকার।
এ বিজয় ত্রিশ লক্ষ শহীদের রক্তক্ষরণ ও আত্মদান,
দুই লক্ষ বীরাঙ্গনা মা-বোনের সম্ভ্রম সন্মানের বলিদান।