30/08/2026
যদি খুব বেশি হতাশ লাগে, হৃদয় ভেঙেচুরে যায়– যদি মনে হয়, আর কিছুই ভালো লাগছে না, কোনো পথ খোলা নেই, সামনে শুধু অন্ধকার।
তাহলে একটু থামুন। সবকিছুর সমাধান এই মুহূর্তেই খুঁজে বের করতে হবে– এমন কোনো কথা নেই।
কিছু রাত শুধু পার করে দিতে হয়। কিছু কান্না শুধু কেঁদে নিতে হয়। কিছু কষ্টের কোনো তাৎক্ষণিক ব্যাখ্যা থাকে না। আপনি আজ যে জীবনটাকে অসহনীয় মনে করছেন, কিছু বছর পর সেই সময়টার দিকে ফিরে তাকিয়ে বুঝবেন– আল্লাহ কখনোই আপনাকে একা ছেড়ে দেননি।
মানুষের দরজা বন্ধ হয়ে যেতে পারে, নিজের শক্তি ফুরিয়ে যেতে পারে, প্রিয় মানুষগুলোও বুঝতে নাও পারে; কিন্তু জেনে রাখুন আপনার রবের দরজা সর্বদা খোলা রয়েছে।
তাই আজ কিছুই করতে না পারলে অন্তত অজু করে দু’রাকাআত নামাজ পড়ুন। সিজদায় গিয়ে সুন্দর কোনো কথা সাজানোর চেষ্টা করবেন না। শুধু কাঁদুন। বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো আপনার রবের কাছে উজাড় করে দিন। এবং বলুন–
“ইয়া আল্লাহ! আমি আর পারছি না। আমাকে সহ্য করার শক্তি দিন। আমার দুর্বলতাকে আপনি শক্তিতে পরিণত করুন। আমাকে আশ্রয় দিন, আপনিই তো আমাদের একমাত্র আশ্রয়স্থল!”
হয়তো সমস্যাগুলো তখনই চলে যাবে না। পরিস্থিতিও হয়তো রাতারাতি বদলে যাবে না। কিন্তু যে হৃদয়টি এতক্ষণ একা একা কষ্ট বহন করছিল, সে অন্তত বুঝতে পারবে– এই বোঝা তাকে একাই বহন করতে হবে না। এবং আপনার অন্তরে প্রশান্তি অনুভব করবেন।
আর মনে রাখবেন– একটি ভেঙে যাওয়া হৃদয়ও কখনো কখনো আল্লাহর দিকে ফিরে আসার সবচেয়ে সুন্দর দরজা হয়ে ওঠে!
লেখা : মাহমুদুল হাছান