24/11/2024
কপটতা, ভণ্ডামি, ধোঁকাবাজি ও অন্তরে দ্বিমুখীভাব পোষণ করে রাখা নিফাক। অন্তরে শত্রুতা ও বিরোধিতা গোপন রেখে বাইরে দিয়ে আনুগত্য প্রদর্শন করা হলো নিফাক। আর যে ব্যাক্তি এমন আচরণ করে তারাই মুনাফিক।
মুনাফিকরা অভিশপ্ত, অবাধ্য ফাসিক ও নিশ্চিত জাহান্নামি। জাহান্নামে তাদের অবস্থানও আল্লাহ তাআলা সুস্পষ্ট করে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের একাধিক আয়াতে মুনাফিকদের খোলস উন্মোচন করেছেন। মুনাফিকদের পরিণতি খুবই ভয়াবহ।
وَعَدَ اللّٰهُ الۡمُنٰفِقِیۡنَ وَ الۡمُنٰفِقٰتِ وَ الۡکُفَّارَ نَارَ جَهَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡهَا ؕ هِیَ حَسۡبُهُمۡ ۚ وَ لَعَنَهُمُ اللّٰهُ ۚ وَ لَهُمۡ عَذَابٌ مُّقِیۡمٌ
আল্লাহর পক্ষ থেকে মুনাফিক পুরুষ, মুনাফিক নারী ও কাফেরদের জন্য জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি। সেখানে তারা চিরকাল থাকবে। এটা তাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাদেরকে অভিশাপ করেছেন। আর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি।’ (সুরা তাওবা : আয়াত ৬৮)
یٰۤاَیُّهَا النَّبِیُّ جَاهِدِ الۡکُفَّارَ وَ الۡمُنٰفِقِیۡنَ وَ اغۡلُظۡ عَلَیۡهِمۡ ؕ وَ مَاۡوٰىهُمۡ جَهَنَّمُ ؕ وَ بِئۡسَ الۡمَصِیۡرُ
‘হে নবি! আপনি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হোন। তাদের বাসস্থান হবে জাহান্নাম এবং তা কতই না নিকৃষ্ট ঠিকানা।’ (সুরা তাওবাহ : আয়াত ৭৩)
اِنَّ الۡمُنٰفِقِیۡنَ فِی الدَّرۡکِ الۡاَسۡفَلِ مِنَ النَّارِ ۚ وَ لَنۡ تَجِدَ لَهُمۡ نَصِیۡرًا
মুনাফিক (কপট) ব্যক্তিরা অবশ্যই জাহান্নামের সর্ব নিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য তুমি কখনও কোনো সাহায্যকারীও পাবে না।’ (সুরা নিসা : আয়াত ১৪৫)
এছাড়াও কোরআনের একাধিক আয়াতে আল্লাহ তাআলা মুনাফিক নারী ও পুরুষদের নিশ্চিত জাহান্নামী ঘোষণা করেছেন। চিরকাল তাদের অবস্থান হবে জাহান্নাম তা-ও নিশ্চিত করেছেন।
সুতরাং মুমিন মুসলমানর উচিত, দুনিয়ায় যাবতীয় নিফাক থেকে বিরত থাকা। দ্বীনের সঠিক পথ পরিচালিত হওয়া। ভয়াবহ এসব পরিণতি থেকে মুক্ত থাকার চেষ্টা করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব ধরনের মুনাফেকি থেকে হেফাজত করুন। নেফাকির সব ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমিন।