15/07/2021
"আসসালামু আলাইকুম"
জেনে নেয়া যাক সুতি কাপড় সম্পর্কে কিছু কথা..
গরম শব্দটা শুনলেই কেমন একটা অস্বস্তি বেড়ে যায় মনে। গরমকাল মানেই একটু স্বস্তির খোঁজ, আরামের আয়োজন। শরীর ও মনের শান্তির জন্য প্রতিবারের মতো এই গরমেও চাই আরাম। তাই পোশাকের কথা চিন্তা করলে এহেন গ্রীষ্ফ্মপ্রধান দেশে সুতির কোনো বিকল্প হয় না। অন্য কাপড়ের তুলনায় সুতিতে যে আরাম মেলে, এ কথা সবারই জানা। তাই গরমের দিনের সবচেয়ে উপকারী বন্ধু হলো সুতি কাপড়। বিশেষজ্ঞদের মতে, সুতি কাপড় খুব সহজেই ঘাম শুষে নিতে পারে। অন্যদিকে কৃত্রিম তন্তুর তৈরি কাপড়/পোশাক সেভাবে ঘাম শোষণ করতে পারে না।
সুতি কাপড়ের যেমন রয়েছে অনেক সুবিধা, তেমনি সবখানে মানানসইও। ঘরে কিংবা বাইরে, এর রাজত্ব সমানতালেই চলতে পারে। কারণ, এই কাপড়ে ফ্যাশনেবল হওয়ার সঙ্গে সঙ্গে দেশজ ঐতিহ্যও বহন করা যায়।
অনেকেই ধারণা করেন, সুতি কাপড়ে ফ্যাশনটা ঠিক যুঁতসই হয় না। এ ধারণা একদম ভুল। বরং সুতি মানিয়ে যায় সব জায়গাতেই। পার্টি, ইউনিভার্সিটির ক্লাসে, ঈদ-পুজা-বড়দিন, এমনকি কোথাও ট্র্যাভেল করতে হলেও সুতির বিকল্প হয় না। সুতির সবচেয়ে বড় সুবিধা হলো আরাম। আর বাঙালি বরাবরই আরামপ্রিয়। তাই গরমে সুতি কাপড়ই হলো উত্তম বন্ধু।
যারা জিন্স প্যান্ট পরতে ভালোবাসে তারাও কিন্তু সুতির সঙ্গে সখ্য গড়ে তুলতে পারেন এই গরমে।
জিন্স প্যান্টের সঙ্গে চট করেই পরে নেওয়া যায় সুতির কুর্তি কিংবা ফতুয়া। আবার যারা জিন্সে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তারা পরতে পারেন সুতি কাপড়ের তৈরি পালাজ্জো। পছন্দসই ডিজাইনও পেয়ে যাবেন। পালাজ্জোর সঙ্গে শর্ট টপ কিংবা কুর্তিও বেশ মানিয়ে যায়।
স্টাইল কিংবা ফ্যাশন হলো নিজের মধ্যে ধারণ করার ব্যাপার। পোশাকে যদি আরাম না মেলে তাহলে মনের ভেতরেও খুঁতখুঁতে ভাব থেকেই যায়। তাই পোশাক হওয়া চাই নিজের পছন্দ এবং আরাম বিবেচনা করে।
যারা শাড়ি পরতে ভালোবাসেন কিংবা প্রতিদিনের কাজের জায়গায় শড়ি পরতেই হয় তাদের জন্য সুতি শাড়িই উত্তম বন্ধু। প্যাচপ্যাচে গরম আর বৃষ্টির পরেও ভ্যাপসা ভাব, সবকিছুতেই একমাত্র সুতিই পারে সমাধান দিতে।
ছোট শিশুদের ক্ষেত্রেও তাই। আপনার শিশুকে এই গরমে অবশ্যই সুতির কাপড় পরিধান করান। এতে ওর আরাম মিলবে খুব সহজেই। এই সময় অ্যালার্জি ওঠার সম্ভাবনা থাকে। তাই পাতলা সুতি কাপড় পরাতে ভুলবেন না।