02/09/2026
#চিঠি_প্রতিযোগিতা
চিঠি নং:০১
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি একটি হৃদয়ছোঁয়া চিঠি
চিঠি
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ
প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনাকে কখনো দেখিনি, আপনার কণ্ঠ শুনিনি, আপনার মোবারক মজলিসে বসার আমার সৌভাগ্য হয়নি। তবুও এই পৃথিবীতে আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি।
সীরাতের কিতাবে আপনার জীবন পড়েছি। আলেমে উলামার কাছে আপনার সীরাত শুনেছি। আপনার জীবন, আপনার মহান চরিত্র, আপনার দয়া, আপনার আত্মত্যাগের কথা শুনেছি এবং পড়েছি।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনার নাম শুনলেই হৃদয় থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। আপনাকে স্বপ্নে দেখার অনেক ইচ্ছা। আপনার রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ারও অনেক ইচ্ছা।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কত সৌভাগ্যবান ছিলেন সেই সাহাবিগণ রাদিয়াল্লাহু আনহুম, যারা আপনাকে সামনে থেকে দেখেছেন, আপনার কথা শুনেছেন, আপনার হাসি দেখেছেন, আপনার কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনেছেন। আপনার পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন।
প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি তো আমাদের জন্য কত কেঁদেছেন। রাতের পর রাত সিজদায় বলেছেন, “উম্মতি, উম্মতি।” অথচ আমরা সেই উম্মত হয়েও কত অবহেলা করি আপনার সুন্নাহ মোবারককে! আমরা গুনাহের সাগরে ডুবে থাকি।
প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি আপনার একজন তুচ্ছ গুনাহগার উম্মত, দুর্বল উম্মত। আমার নামাজে ত্রুটি, আমলে ঘাটতি, চরিত্রে ঘাটতি তবুও একটি আশা রাখি, কিয়ামতের সেই ভয়ংকর দিনে আপনি আমাদের চিনে নেবেন। বলবেন, “এ আমার উম্মতের একজন।”
ভালোবাসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি আল্লাহ তায়ালার কাছে একটি দোয়া করি। তিনি যেন আমাকে এমন জীবন দান করেন, যে জীবন আপনার সুন্নাহর অনুযায়ী হবে। এবং আমাকে এমন মৃত্যু দান করেন, যা ঈমানের ওপর হবে। আর জান্নাতে যেন আপনার সান্নিধ্য লাভের সৌভাগ্য দান করেন। আমীন।
আপনার প্রতি অগণিত দরুদ ও সালাম।
اللهم صل وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم
ইতি
আপনার শাফাআত ও দিদার এর আশায় থাকা এক গুনাহগার উম্মত,
মুহাম্মদ আহসানুল হক