16/02/2026
তরুণ কবি ও লেখক খালিদ হাসান-এর সাথে আমার কোনো ব্যক্তিগত পরিচয় ও যোগাযোগ নেই। তিনি মাওলানা রুমিকে নিয়ে আমার দার্শনিক উপন্যাস (তুমি খুঁজো যারে, সেও খুঁজিছে তোমারে) বিষয়ে যে পাঠ-প্রতিক্রিয়া দিয়েছেন, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। খালিদের ফেইসবুক প্রোফাইল থেকে যদ্দুর বুঝতে পারছি, তিনি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষ করে বর্তমানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আমি জানি, এই উপন্যাসে কিছু আলো ফুটেছে। কিন্তু মাদ্রাসায় পড়া একজন কবি ও লেখক যখন সেই আলো দেখতে পান, তখন একজন লেখকের জন্য তা হয়ে উঠে অনেক বেশি আনন্দের ও পরিতৃপ্তির। নিচে খালিদ হাসানের রিভিউটি কপি করে দিলাম।
◾পাঠ প্রতিক্রিয়া:
বইটি দার্শনিক উপন্যাস ঘরানার। জানা মতে মাওলানা রুমীকে নিয়ে বাংলা ভাষার প্রথম উপন্যাস। মূল চরিত্র মূলত দুটি। লেখক নিজে এবং মাওলানা রুমী। কাহিনীর থেকে লেখার মূল ফোকাস ছিল রুমীর প্রেম-দর্শন উপস্থাপন।
লেখক বইটিকে ১৪টি অধ্যায়ে বিভাজিত করেছেন। প্রত্যেকটি অধ্যায় চিন্তার একেকটি ধারা তৈরি করে। কুরআনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই ভিন্নরূপে। যেই রূপটা সৃষ্টি করেছিলেন মাওলানা রুমী তাঁর সূফিবাদী দর্শনে।
বইটির দুর্বলতা তার প্লট। সবগুলোই প্রায় একই টাইপের। ইন্টারেস্টিং প্লট নেই। মনে হয় মূল ফোকাস ছিল ইনফরমেশন ডেলিভার করা। প্রথাগত উপন্যাস প্রেমীদের বোর করতে পারে। আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। যদিও এর কারণ হতে পারে আমি প্লটের থেকে তথ্যে গুরুত্ব বেশি দিয়েছি।
বইটি একবার বসে পড়ে ফেলা সম্ভব হলেও আমি বলবো এটা ধীরস্থিরভাবে অনুধাবন করে পড়ার মতো একটি বই। প্রতিটি অধ্যায় পড়ার পরে পাঠকের কাছে চিন্তার দাবি রাখে।
আত্মজিজ্ঞাসা নামে প্রতিটি অধ্যায় শেষে এক বা একাধিক পার্ট আছে। যেখানে লেখক প্রশ্ন করে আত্মোপলব্ধির মাধ্যমে উত্তর দেন। মজার ব্যাপার হলো, প্রশ্নগুলো লেখকের না, মনে হয়েছে আমার নিজেরই!
দর্শন প্রেমী এবং সাইকোলজির স্টুডেন্ট হিসেবে দারুণ উপভোগ করেছি বইটি। তবে লেখক যেহেতু রুমীর ইংরেজি অনুবাদ থেকে তথ্য নিয়েছেন তাই কিছু কিছু তথ্যের ক্ষেত্রে কিছুটা দোটানায় আছি। কিছু কিছু জায়গায় কিছু বিষয়ের সাথে ভিন্নমতও লালন করি। তবে বইটি আমাকে সবচেয়ে উপকারী যে জিনিসটা শিখিয়েছে তা হলো, "আমরা আমাদের পূর্ববর্তী চিন্তার আঙ্গিকে ব্যাখ্যা সাজাই। সাইকোলজির ভাষায় Cognitive Schema বলে একে।"
সর্বোপরি বইটি অসাধারণ একটি বই। এর পূর্বে 'দ্য লিটল প্রিন্স' উপন্যাস পড়ে এমন অনুভব করেছিলাম। বইটি চিন্তাশীল যেকোনো পাঠক পড়তে পারেন।
◾বই পরিচিতি:
▪️ বইয়ের নাম: তুমি খুঁজো যারে, সেও খুঁজিছে তোমারে
▪️ লেখকের নাম: ড. আনিসুর রহমান ফারুক
▪️ পৃষ্ঠা সংখ্যা: ৩২০
▪️ মূল্য: ৬৫০ টাকা
▪️ মুদ্রণকাল: একুশে বইমেলা ২০২৬!
▪️ প্রকাশনী: কনক পাবলিকেশনস
◾ পার্সোনাল রেটিং: ৮.৯ (১০ এর মধ্যে)