01/05/2022
আজ শ্রমিক দিবস। আজো বিক্রি হবে হাজার-হাজার শ্রমিকের মাথা। বোকাবাক্সো ভর্তি শ্রমিক দিবসের খবর: শ্রমিকের বিশাল ঝটলা,চলছে সমাবেশ। ফ্রিজের ঠাণ্ডা পানীয়জল, বোতলে বিন্দু-বিন্দু শিশির জমা, শ্রমিকেরা সে-সব জল ঢকঢক গিলে খাচ্ছে, সাংবাদিকরা ক্যামেরার আইএসও,এপাচার বাড়িয়ে-কমিয়ে ক্লিকের পর ক্লিক করেই চলেছেন;দিন শেষে আবেগ জড়ানো,জাতির আবেগ দণ্ড দাঁড় করানোর মৌহ ঔষধ নামক একখানা ছবি খুঁজে পাবেন শ'খানেক ছবির ভেতর থেকে। তারপরের কাজ একেবারে হালকা 'লাইট রুম' নামক এডিটিং সফটওয়্যারে ফেলা হবে সে ছবি,কিছুক্ষণ ঘষামাজা চলবে:মেকাপ শেষে ছড়িয়ে দেয়া হবে ফেসবুকে, বজ্রপাতের মত কেঁপে উঠবে মুখবইয়ের দেয়ালিকা;শুরু হবে লাইক ঝড়,কমেন্টের বন্যায় ভাসবে জাতি,আবেগের চেতনা দণ্ড ততক্ষণে সঙ্গমের জন্য প্রস্তুত:শুরু হবে নতুন ট্রেণ্ড 'সেলফি উইথ রিক্সাওয়ালা মামা' যেমন খুশী তেমন সাজোর মত কেউ রিক্সা চালিয়ে,কেউ রিক্সাওয়ালা মামার কাঁধে কাঁধ রেখে,কেউ বা রিক্সাওয়ালা মামাকে টাকা দানের সেলফি তুলে নিজের ফেবুর দেয়ালিকায় টাঙিয়ে দিবেন,সেখানেও বরাবরের মত লাইক ঝড়,কমেন্টের বন্যা। এসব অনুষ্ঠানের স্থায়িত্বকাল সন্ধ্যা অবধি, তারপর আবার শুরু হবে "এই যাইবা? ভাড়া কত? চিনোস জায়গাটা? এত ভাড়া তোর বাপে দিবো?" চাচার বয়সি রিক্সাওয়ালা মুহূর্তে-ই অসামাজিক ব্যবহার পাবে,তুই তুকারি।চাঁদ ভাঙা হাসিতে তাকিয়ে থাকবে,কিছুই বলবেনা;বললেই ঘাড়ের উপর কিল-ঘুষির আশংকা। সমাবেশকে কেন্দ্র করে মস্ত লেনদেন,টাকা ভাগা-ভাগি,কাড়াকাড়ি, মারামারি- অনুষ্ঠান শেষ হবে,তীর্থের কাকের মত ক্ষুধার্ত শ্রমিকেরা আবার ফিরবেন বাসায়। বাবুদের টানা-টানা কথা সুর ক্ষুধার জ্বালায় সরে যাবে মাথা থেকে,পিঁপড়ার মত নামবে কালো পিচঢালা রাজপথে। শ্রমিকেরা কখনোই বুঝেনা,তাদের অজান্তে তারা শতবার বিক্রি হয়;শত-শত আশায়।
ওদের খুব জমে, খুম জমে কষ্ট
পায়ের জোরে, চাকা ঘুরে
রোদের তাড়ায় ঘাম নামে
ওরা খুব জঘন্য, খুব নগণ্য
ওরা ভ্রষ্ট, ওরা নষ্ট
কেউ দেখেনা,বুঝতে চায়না
বুকের মাঝে ওদের থাকে
কষ্ট নামক তাজা-তাজা রক্ত।
ওদের থাকবে কেন মনুষ্য বক্ষ?
চিকিৎসা নেই,হাসাপাতাল নেই
ওদের শরীর খুব সস্তা,সবার জন্য মোক্ত
যখন-তখন যেভাবে পারো
মাইর দিও পোক্ত।
ওরা কী মানুষ না-কি? মানুষের নিম্ন শ্রেণী
ওদের রক্তে বিশাল বাড়ী,দামী গাড়ী
গায়ে জড়ানো কাশ্মীরী শাল
ওরা তো সব গাঁইয়া, বদলের হাল।
শোনো বলি-
তোমরা বুঝি খুব আধুনিক?কথায়-কথায় ইংরেজি ফোটাও
তোমরা বুঝি খুব আধুনিক?নষ্ট করে বিবেক-আবেগ?
তোমরা বুঝি খুব আধুনিক? বিশাল ইমারত নিজেরা বানাও?
আমার খুব শখ জাগে,জানতে চাওয়া মনের জানতে চাওয়া বারেবারে
তোমরা কী খুব আত্মনির্ভর নিজের বিলাস নিজে বানাও
এই ধরো আধুনিক যত্তসব,তোমরা বানাও?
বানাও না?
চলতে পারো চাষা ছাড়া? একদিন,এক ঘন্টা? কিংবা এক সেকেণ্ড?
.com