03/11/2025
ধরুন আমি আপনার পক্ষেই আছি। কেউ আপনাকে অসম্ভব ভালোবাসে, আপনিও বাসেন। দীর্ঘদিন পাশাপাশি ছিলেন, দুটো মানুষ যখন পাশাপাশি থাকে তখন অভ্যাস হয়ে যায়। নিয়ম করে কথা বলা, দেখা করা, যত্ন নেওয়া। দু'জনের মধ্যে কারো অসুখ-বিসুখে অস্থির লাগা, আশেপাশে কোথাও বিচ্ছেদের গল্পে ভয় পাওয়া, দুমড়েমুচড়ে যাওয়া। আপনি টের পান, মানুষটার আপনার প্রতি টান, আপনার প্রতি অসম্ভব দূর্বলতা আছে তার।
এমন একটা মিষ্টি সম্পর্ক, এমন একটা চমৎকার গল্প আপনি একদিন ছেড়ে চলে গেলেন। কারণ হিসাবে এক্সকিউজ দিলেন, পরিবার কোনভাবেই মেনে নিচ্ছে না। আপনি চাইলেই চলে আসতে পারবেন ঠিকি, কিন্তু আপনার জন্য আপনার পরিবারের মানসম্মান যাবে। আপনার ব্যাখ্যায় উঠে আসছে, পরিবারের মানসম্মান বাঁচাতে আপনি আপনার ভালোবাসা বিসর্জন দিয়ে দিলেন। বলছি না আপনার সিদ্ধান্ত ভুল, ধরুন আপনার সিদ্ধান্ত কে আমি সাদুবাদ জানালাম।
আচ্ছা আপনি তো চলে গেলেন, ভালো ঘর ভালো বউ দুটোই পেলেন। আপনার পরিবারের কাছেও মহৎ হয়ে গেলেন। কিছুদিন কষ্ট পেলেন, তারপর একটা সময় পুরোদস্তুর সংসারী হয়ে উঠলেন। এভাবে আরো কিছু মাস চলে গেলো, সন্তানের পিতা হয়ে উঠলেন। একটা সময় অতীত কে মনে হবে ভুল, আবেগের বয়সে হয়ে গিয়েছিলো কিছু একটা। ওসব মনেও করতে চাইবেন না হয়তো আর।
আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন। অনেক বছর আগে যেই মেয়েটাকে ভালোবাসি স্বীকারোক্তি দিয়ে, অসম্ভব মায়া করে, আপনার প্রতি দূর্বল করে তারপর ছেড়ে চলে আসছিলেন, সেই মেয়েটা কেমন আছে। তার জীবনটা পরে কোথায় গিয়ে দাঁড়িয়ে ছিলো, শেষ পরিণতি কী হয়েছিলো। জানি দিতে পারবেন না। তার কারণ আপনি একটা স্বার্থপর, নিজ স্বার্থের জন্য আপনি তাকে ছেড়ে ভালো অপশন বেছে নিয়েছিলেন। আপনি তাকে কখনোই ভালোবাসেননি, তাকে সময়ে ব্যবহার করেছেন।
আপনি যখন তাকে ভালোবাসি বলেছিলেন, তাকে যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি পরিবারের সাহায্য নিয়েছিলেন, নেন নি। পরিবার মানছে না, আপনি তার জন্য যুদ্ধ করতেন, করেন নি। সবচেয়ে ভয়ংকর ব্যপার কী জানেন, আপনার এই মিথ্যা মায়া কান্না আর দারুণ প্রতারণার চক্রটি কে ভালোবাসা বলে গেয়ে এসেছেন। আমি বুঝি না, সংসারে এত সবকিছু থাকতে, মানুষ মানুষের ইমোশন নিয়ে খেলে কোন আনন্দ পায়।
আমি পরিবার কে ভিলেন বলছি না। আপনি যদি আপনার পরিবার কে জেনে থাকেন, যদি মনে করে থাকেন এসব ভালোবাসা গল্প তারা কখনোই মেনে নিবে না, তাহলে আপনার উচিৎ ছিলো এসবে না জড়ানো, কারো ইমোশন নিয়ে না খেলা, কাউকে আপনার প্রতি দূর্বল না করা। আপনি তো চলেই গেছেন, জমিয়ে সংসার করছেন, বাচ্চাকাচ্চা পয়দা করে স্বর্গের সুখ গায়ে মেখে পৃথিবী মাতাচ্ছেন।
আর ওইদিকে আপনার প্রেমের ফাঁদে, একটা মানুষ তিলে তিলে মরে যাচ্ছে। ভালোবাসার উপর কারো ক্ষমতা থাকে না, আপনি যতোই শক্তপোক্ত মানুষ হোন, কাঁচের টুকরোর মত আপনাকে ভেঙে দিবে। আপনি জীবন থেকে ছিটকে পড়বেন। আপনার খাওয়া, ঘুম, ক্যারিয়ার জীবনের বিস্তারিত সব কিছুই নাই হয়ে যাবে। অথচ, একটা মানুষের জীবন নরক বানিয়ে দিয়েও আপনার অনুতপ্ত হয় না।
একটা কথা বলি, দিনশেষে সৃষ্টিকর্তা বলে একজন আছেন। কারো জীবন জাহান্নাম করে, জান্নাতের জীবন পাওয়া যায় না। আর কোথাও বিচার না হলেও, উপরওয়ালার কাঠগড়ায় ঠিকি দাঁড়াতে হবে। মানুষ এমনই ভয়ংকর যে, ছেড়ে যেতে যেতে এমন সব কলঙ্ক ছুঁড়ে দিয়ে যায়, যেনো আপনিই পিঠে ছুরি বসাতে বসছিলেন। অথচ আপনাকে টুকরো টুকরো করে কেটে হত্যা করে গেছে। আ হা মা নু ষ।