11/01/2026
দুনিয়া আজ এক বিশাল খোলা কারাগার যেখানে চারপাশে কংক্রিটের দেয়াল দাঁড়িয়ে আছে শপিং মলের নামে। বড় মল, মিনি মল, সুপার মার্ট, ফুড কোর্ট, পার্কিং লট যেদিকেই তাকান শুধু বেচাকেনার হাহাকার। হাসপাতালও মল, স্কুলও মল, এমনকি শিক্ষা বিনোদনও এখন বাজারে বিক্রি হয়।
মানুষ দিনরাত শুধু দৌড়াচ্ছে কাজের দৌড়, কেনাকাটার দৌড়, বিনোদনের দৌড়। চাকরি শেষে বাড়ি ফিরে মনে হয় একটু শান্তি মিলবে কিন্তু সেখানেও টিভি-শো, বিজ্ঞাপন আর স্ক্রিনের ভেতরে লুকানো থাকে নিয়ন্ত্রকের ফাঁদ। স্বাধীনতা নামের গল্পটা হয়ে গেছে একটা ধোঁকা।
কোন তথ্য জানতে চাইলে এখন মানুষ ভাবে....
গুগল আছে আমি চাইলে সব খুঁজে বের করতে পারি। কিন্তু আসল সত্যটা হলো আপনি যা খুঁজবেন, কোনটা দেখবেন,সেটা আগেই প্রোগ্রাম করে দেওয়া। জ্ঞানও হয়ে গেছে ব্যবসার পণ্য।
বাস্তবে আমরা ভোক্তা নই, আমরা নিজেরাই বিক্রির জিনিস। আমাদের সময়, মন, চিন্তা, বিশ্বাস সব বিক্রি হয়ে যাচ্ছে বাজারের হাততালিতে। আমরা খাচ্ছি, কিনছি, আবার খাচ্ছি আর এই চক্রে আটকে থেকে গর্ব করছি যেন এটাই স্বাধীনতা।
কিন্তু এই সত্যটা নির্মম। এই সিস্টেম থেকে বের হতে না পারলে আমরা হব আজীবন দাস। হাসি-মুখো দাস, বিজ্ঞাপনে খুশি দাস, বস্তুবাদের গোলাম দাস। আর যারা এই সিস্টেমের ওপারে তাকাতে সাহস করবে শুধু তারাই জানবে স্বাধীনতার স্বাদ।
সংগ্রহকৃত